আখিদের বান্দরবন যাত্রা



অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে কাজ করার মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু হচ্ছে। সহজ কথা নয়। তাই উত্তেজনার কমতি নেই শিশু-কিশোরের ঝাঁকটার। তাই তো গত মঙ্গলবার যখন তাদের প্রথম ছবি আঁখি ও তার বন্ধুরা-এর মহরত হলো, অনুভূতি প্রকাশের বক্তৃতায় তখন ঘুরেফিরেই আসছিল সুবর্ণা–মুগ্ধতার প্রসঙ্গ। এ ছবির মধ্য দিয়েই সুবর্ণা মুস্তাফা আরও একবার অভিনয় করবেন মোরশেদুল ইসলামের সঙ্গে। এর আগে এ নির্মাতার শিশুতোষ ছবি দূরত্ব-এ হুমায়ুন ফরীদির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তাঁদের এবারের ছবিটিও শিশুতোষ, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস আঁখি ও তার বন্ধুরা অবলম্বনে।
২৬ ডিসেম্বর থেকে বান্দরবানে শুরু হবে ছবির শুটিং। ৭৭ জনের একটি দল নিয়ে সেখানে যাচ্ছেন পরিচালক মোরশেদুল ইসলাম। সেখান থেকে ফিরবেন জানুয়ারির প্রথম দিকে। ফিরে আরেক ধাপের শুটিং হবে ঢাকার একটি স্কুলে। ছবিতে সুবর্ণা মুস্তাফা ওই স্কুলের প্রধান শিক্ষক। ছবির নাম ভূমিকায় অভিনয় করা ‘আঁখি’ও সেই স্কুলের শিক্ষার্থী। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান—আঁখির বাবা।
এ বছরের মাঝামাঝি অডিশনের মধ্য দিয়ে আঁখি ও তার বন্ধুরা ছবির শিল্পী নির্বাচন করেন মোরশেদুল ইসলাম। গত মঙ্গলবার মহরতে তিনি সেই শিল্পী নির্বাচনের সময়কার মজার কিছু গল্প শোনান। বলেন কীভাবে প্রায় আড়াই শ শিশুর মধ্য থেকে বাছাই করে ছবির জন্য শিল্পী নির্বাচন করেছেন। সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এর পাশাপাশি ছবিটির প্রযোজনায় রয়েছে মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

No comments

Powered by Blogger.